ভারতে ২০১১ সালের আদমশুমারির ফল আজ প্রকাশিত হয়েছে৻ সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতের মোট জনসংখ্যা গত এক দশকে ১৮ কোটিরও বেশি বেড়ে একশো একুশ কোটি ছাড়িয়ে গেছে৻ ভারতের আদমশুমারি কমিশনের প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, মোট জনসংখ্যা বাড়লেও ভারতে জনসংখ্যা প্রবৃদ্ধির হার কমেছে৻ একই সাথে কমছে কন্যাশিশুর আনুপাতিক হার - যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে কমিশন৻
বলা হয়, ভারতে এখন পুরুষের সংখ্যা ৬২ কোটির কিছু বেশি এবং মহিলার সংখ্যা প্রায় ৫৯ কোটি৻
মূলত কন্যা ভ্রূণহত্যার প্রচলনের কারণেই ভারতে কন্যাশিশুর আনুপাতিক সংখ্যা কমছে বলে গবেষণা সংস্থাগুলো মনে করছে৻ একটি গবেষণা সংস্থার পরিচালক মেরি জন বিবিসিকে বলেন, বিশেষত ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের কিছু জনগোষ্ঠীর মধ্যে এটা বেশি ঘটে থাকে৻
পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যার সাথে আগে ভারতের জনসংখ্যার যে পার্থক্য ছিল তা কমে ১৩ কোটিতে নেমে এসেছে৻
কমিশন বলছে, ভারতের জনসংখ্যা এখন আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান ও বাংলাদেশের মোট জনসংখ্যার সমান৻
ভারতের আদমশুমারি কমিশনের সি চন্দ্রমৌলি আজ এক সাংবাদিক বৈঠকে এই তথ্যপ্রকাশ করে বলেন, এই জনগণনা প্রাথমিক পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি একটি অন্তর্বর্তী রিপোর্ট, যা সাবধানতার সাথে অধ্যয়ন করতে হবে৻
চুড়ান্ত রিপোর্ট পরে প্রকাশ করা হবে বলে তিনি জানান৻
এবারের আদমশুমারিতে খরচ হয়েছে ২২০০ কোটি টাকা৻

No comments:
Post a Comment